রাবিসাসের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৪

রাবি সংবাদদাতা

নানা আয়োজনে উদ্যাপিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সুবর্ণজয়ন্তী উত্সব। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে এ উত্সবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। সুবর্ণজয়ন্তী উত্সবের আহ্বায়ক ও সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক মলয় ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রাক্তন সদস্য শাহ্ আলম চুন্নু। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হামিদুজ্জামান রবি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, সমাজের সংস্কার ও উন্নয়ন করতে হলে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, একটি সংগঠন শুরু করা এবং সেটি পরিচালনা করা খুব কঠিন কাজ। আজ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পঞ্চাশ বছর পূর্তি এমনি এমনি হয়নি। এর পেছনে অনেকের শ্রম রয়েছে।