শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল

বসুন্ধরার এপিটাফ লিখলেন লি টাক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০১:০৬

তেরেঙ্গানুর অধিনায়ক লি টাককেই বেশি ভয় ছিল বসুন্ধরা কিংসের। সে ভয়টাই বাস্তবতা হয়ে দেখা দিল দলটির শেষ ম্যাচে। শুরুতে এগিয়ে গিয়েও ইংলিশ এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে তেরেঙ্গানুর কাছে ৪-৩ গোলে হেরে প্রিমিয়ার লিগ বিজয়ী বসুন্ধরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।

ফলে দেশের দল হিসেবে কেবল চট্টগ্রাম আবাহনীই টিকে রইল এই প্রতিযোগিতায়। আগামীকাল সোমবার একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী খেলবে গোকুলাম কেরালার বিপক্ষে। 

গতকাল দিনের প্রথম ম্যাচে লাল রোমাউইয়া আর হেনরি কিসেকার গোলে চেন্নাই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল কেরালার ক্লাবটি।

অপরদিকে বসুন্ধরাকে হারানো মালয়েশিয়ান দলটি ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে তেরেঙ্গানু শেষ চারে মুখোমুখি হবে ভারতের মোহনবাগানের। গতকাল শনিবার ম্যাচের শুরুতে বসুন্ধরার রক্ষণ ওপরে তুলে রাখার কৌশলটা ভালোই ধরতে পেরেছিল তেরেঙ্গানু। ব্রুনো সুজুকির গতিকে কাজে লাগিয়ে দুটি দারুণ সুযোগ পেয়েছিল দলটি। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত রিফ্লেক্স দুটি নিশ্চিত গোল থেকে বাঁচায় বসুন্ধরাকে।

২৭ মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেসের থ্রু খুঁজে পায় জালালকে। তবে বাঁ প্রান্ত থেকে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফিরতি সুযোগে ডান প্রান্ত থেকে বক্সে ক্রস করেন বিশ্বনাথ। তাতে মাথা ছুঁঁইয়ে বসুন্ধরাকে এগিয়ে দেন অধিনায়ক কলিন্দ্রেস। এর পরের মিনিটেই ব্যবধান বাড়াতে পারত বসুন্ধরা। জালালের বাড়ানো বলে কলিন্দ্রেসের দুর্বল শটটি সহজেই বিপদমুক্ত করেন গোলরক্ষক। ৪৩ মিনিটে বক্সে ইয়াসিন খান শফিক বিন ইসমাইলকে ফাউল করলে পেনাল্টি পায় তেরেঙ্গানু।

সেখান থেকে লি টাকের লক্ষ্যভেদে এগিয়ে যায় তেরেঙ্গানু। বিরতির আগে আবারও একই দৃশ্য দেখল এম এ আজিজ স্টেডিয়াম। এবার ফাউলটা করলেন বখতিয়ার দুশোবেকভ। পেনাল্টি থেকে লি টাক দ্বিতীয় গোলটি পেয়ে গেলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারী দলটি।

৫৪ মিনিটে একক দক্ষতায় তেরেঙ্গানু রক্ষণ ভেঙেছিলেন জালাল। তবে তার বাড়ানো বলে কলিন্দ্রেসের দুর্বল শট এবারও সমতা ফেরাতে দেয়নি বসুন্ধরাকে। ৫৯ আর ৬০ মিনিটে আরো দুটি সহজ সুযোগ নষ্ট করেন বসুন্ধরার অধিনায়ক। ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন লি টাক। এক মিনিট পর হতবিহ্বল বসুন্ধরা রক্ষণের সুযোগটা নেন বদলি হিসেবে মাঠে নামা আজালিনুল্লাহ বিন আলিয়াস। একাই রক্ষণের চারজনকে ছিটকে লক্ষ্যভেদ করেন তিনি।  দুর্ভাগ্যও এদিন পিছু নিয়েছিল বসুন্ধরার। নইলে বদলি হিসেবে মাঠে নামা এলিটা কিংসলের শট কেন লক্ষ্যভ্রষ্ট হবে? এরপর ৮১তম মিনিটেই অবশ্য কলিন্দ্রেসের নিচু ক্রসে পা ছুঁইয়ে ব্যবধান কমান জালাল। ৮৮ মিনিটে প্রায় একইভাবে সুযোগ পেয়েছিল বসুন্ধরা। এবার কিংসলের ক্রসে পা ছোঁয়াতে পারেননি বদলি খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল। ৪-২ গোলের হার নিয়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

পয়েন্ট, হেড টু হেড, গোলগড়ে সমান গোকুলামের সমান ছিলাতেরেঙ্গানু। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গোল বেশি করায় গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে যায় মালয়েশিয়ান দলটি।

 

সেমিফাইনাল আগামিকাল

সেমিফাইনালে মুখোমুখি

চট্টগ্রাম আবাহনী-গোকুলাম কেরালা

তেরেঙ্গানু এফসি-মোহনবাগান এএফসি