ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড়ো ব্যবধানে জয়ের ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডটিতে ভাগ বসাল লেস্টার সিটি। গত শুক্রবার রাতে ১০ জনের সাউদাম্পটনকে ৯-০ গোলে হারিয়ে এই নজির গড়ে লেস্টার। ইউনাইটেড ২৪ বছর আগে রেকর্ডটি গড়েছিল। এই জয়ে কোচ ব্রেন্ডন রজার্সের দল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটিকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। লেস্টারের পক্ষে হ্যাটট্রিক করেন জ্যামি ভার্ডি ও আয়োজ পেরেজ। ১৩১ বছর বয়সি লিগটির ইতিহাসে প্রথম অতিথি দল হিসেবে এত বড়ো জয়ের কৃতিত্বও দেখাল লেস্টার সিটি। লিগে ২০০৩ সালের পর একই দলের দুই জনের হ্যাটট্রিকের প্রথম ঘটনাও এটি। ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টারের চলতি মৌসুমের শুরুটাও হয়েছে দুর্দান্ত।
