‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে প্রস্তুত আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার। আগামী ১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় একটি সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে। গত দুই জাতীয় নির্বাচনে ইশতেহার এবং স্লোগানে আলোচনায় এসেছিল আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় দলটি এবারও প্রত্যাশা করছে দেশের জনগণ তাদের ইশতেহারের স্লোগান উত্সাহের সঙ্গে গ্রহণ করবে। এর আগে ২০০৮ সালের ‘দিন বদলের সনদ’ ও ২০১৪ সালের ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে ইশতেহার প্রকাশ করে আওয়ামী লীগ।
একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণার মধ্যদিয়ে আওয়ামী লীগ কী বার্তা দিতে চাইছে এমন প্রশ্নের জবাবে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ইশতেহারে আমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রোডম্যাপ তুলে ধরবো। সেই সঙ্গে তরুণদের এ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে থাকছে বিশেষ পরিকল্পনা। এছাড়া নিরাপদ খাদ্য-কৃষিতে আমরা কী করবো, শিল্পায়নের জন্য আমরা কী করবো সবই তুলে ধরা হবে ইশতেহারে।
আবদুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ ১০ বছর ধরে ক্ষমতায় আছে। এবারের নির্বাচনী ইশতেহার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা দাবি করে থাকি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আমাদের সময় উন্নতি হয়েছে। আমাদের এই উন্নয়ন সারা পৃথিবীতে নন্দিত হয়েছে, প্রশংসিত হয়েছে, সারা বিশ্বের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন। আমাদের সময়ে যে উন্নয়ন সেটা সারা বিশ্বের কাছে বিস্ময়। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে চাই আমরা গত ১০ বছরে উন্নয়নের যে ভিত্তি রচনা করেছি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ আগামীর পথে কিভাবে এগিয়ে যাবে তা আমাদের ইশতেহারে তুলে ধরা হবে।’
জানা গেছে, ইশতেহারে পুলিশ বাহিনী কী হবে, দুর্নীতি কিভাবে কমে আসবে সেটা উল্লেখ থাকবে। জনহিতৈষী একটি পুলিশ বাহিনী গড়ে তোলার অঙ্গীকার থাকবে। এদিকে তরুণদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ পরিকল্পনা থাকছে। সামষ্টিক অর্থনীতি, জিডিপি প্রবৃদ্ধি, ব্যাংক ব্যবস্থা কী হবে, বিনিয়োগ কিভাবে বাড়ানো, কৃষিতে কর্মসংস্থান কমে যাওয়ায় যুব সমাজের কাজের ব্যবস্থা কী হবে সবই থাকবে আওয়ামী লীগের ইশতেহারে।’
