র্যাগিংয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে র্যাগিং হোতাদের দ্বারা মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে আত্মহননের চেষ্টা চালিয়েছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমিনা। আশঙ্কাজনক অবস্থায় হোস্টেল থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার শেবাচিম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিত্সাধীন আমিনা জানান, ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট নেটওয়ার্ক নামে একটি মেসেঞ্জার গ্রুপে শুক্রবার সকালে র্যাগিংয়ের বিরুদ্ধে পোস্ট দেয় সে। এতে ক্ষিপ্ত হয়ে আইএইচটি ছাত্রীনিবাসের র্যাগিংয়ের হোতা তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রী সংঘবদ্ধ হয়ে আমিনাকে শারীরিকভাবে নির্যাতন করে। এরপর অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করলে সে অপমান সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা চালায়।
এ ব্যাপারে আইএইচটির ডেপুটি হোস্টেল সুপার সুবোধ রঞ্জন মণ্ডল বলেন, মারধরের বিষয়টি তারা জানেন না তবে আমিনাকে অপমান করা হয়েছে এটা শুনেছেন। তিনি আরো জানান, আমিনা অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমরা মেডিক্যালে নিয়ে ওয়াশ করিয়ে তাকে ওয়ার্ডে রেখে আসি।
আইএইচটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে এবং তাদের পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ শুভংকর বাড়ৈ, হোস্টেল সুপার ও সহকারী হোস্টেল সুপার নাজমা।
