দলের নেতৃত্বের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ এনে গত ২২ অক্টোবর দল থেকে পদত্যাগ করেছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর প্রবীণ সদস্য বিমল বিশ্বাস। এর চারদিন পর গতকাল শনিবার পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২-৫ নভেম্বর অনুষ্ঠেয় দলের দশম কংগ্রেসকে সামনে নিয়ে পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠক গতকাল রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে শুরু হয়েছে। এর আগে পার্টির পলিটব্যুরোর সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির বৈঠকে পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাসের পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে প্রত্যাহার সম্পর্কিত প্রেরিত চিঠি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে পার্টির পলিটব্যুরোর সভায় সুপারিশ অনুযায়ী পার্টির গঠনতন্ত্রের সাধারণ ১২ বিধি অনুযায়ী তার সদস্য পদ প্রত্যাহারের আবেদন গ্রহণ না করে তাকে পার্টি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সভায় কংগ্রেস সংক্রান্ত বিষয়াবলি উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
