বড়ো বড়ো দুর্নীতিবাজদের রক্ষায় ও জনদৃষ্টি সরাতে এই অভিযান: অলি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৪৩

সরকারের শুদ্ধি অভিযানের সমালোচনা করে এলডিপি সভাপতি ড. কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার মাদক, ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রবাজদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা শুধু বড়ো বড়ো দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য। পাশাপাশি জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই অভিযান। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

অলি আহমদ বলেন, দেশ একধরনের দোজখে পরিণত হয়েছে। এখন প্রয়োজন সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। যথাসময়ে দলে দলে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বের হতে হবে। ঘরে বসে থাকলে আর কখনো দেশে শান্তি ফিরে আসবে না। তিনি বলেন, ইনশাল্লাহ দেশে পুনর্নির্বাচন হবে। সত্, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক ব্যক্তিদের সমন্বয়ে নতুন সরকার গঠিত হবে। তাদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির অবসান হবে।

তিনি আরো বলেন, যেসব মন্ত্রী-এমপি ও তাদের পরিবার বস্তায় বস্তায় টাকা নিয়েছেন, মার্সিডিজ গাড়ি নিয়েছেন তাদের নাম সুস্পষ্টভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অদ্যাবধি তারা ধরাছোঁয়ার বাইরে। এলডিপি মহাসচিব  রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ।