যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে প্রতিনিধি পরিষদের কমিটিতে সাক্ষ্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প আরো সমস্যায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই তদন্তকে ‘দুর্নীতিযুক্ত এবং ভুয়া’ বলে উল্লেখ করেছেন। খবর রয়টার্সের
গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ফিলিপ রিকারের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র, গোয়েন্দা ও পর্যবেক্ষণ বিষয়ক কমিটিতে সাক্ষ্য দেওয়ার কথা। চলতি সপ্তাহে এলিজা কুমিংসের স্মরণানুষ্ঠানের জন্য তদন্ত স্থগিত করা হয়েছিল। কুমিংস পর্যবেক্ষণ কমিটির প্রধান ছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট জজ বেরিল হাউয়েল তদন্ত অবৈধ বলে রিপাবলিকানদের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি সম্পাদনা ছাড়াই রবার্ট মুলারের রিপোর্ট প্রকাশ করতে বিচার বিভাগকে নির্দেশ দেন।
৫৪ বছর বয়সি রিকার একজন পেশাদার কূটনীতিক। তার দায়িত্বের মধ্যে ইউক্রেনও রয়েছে। গত বছরের মার্চ থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন রিকার। বর্তমান ও সাবেক পেশাদার কূটনীতিকদের অনেকেই তদন্তকারীদের সঙ্গে সাক্ষাত্ করেছেন বলে জানা গেছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই পেশাদার কূটনীতিকদের সমালোচনা করে আসছেন। গত মে মাসে ইউক্রেনে তত্কালীন রাষ্ট্রদূত মেরি ইউভানোভিচকে আকস্মিক চাকরিচ্যুতির ব্যাপারে জিজ্ঞাসা করা হতে পারে রিকারকে। ট্রাম্পের সমর্থকরা অভিযোগ করেছিলেন যে, ইউভানোভিচ প্রেসিডেন্টকে অবমাননা করছেন। কিন্তু রিকার সেক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন।
