সিঙ্গাইরে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫০

মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধান খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুই সন্তানের জননী নিহত হাসিনা বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। 

নিহতের ছেলে কুয়েত প্রবাসী শরিফ হোসেনের স্ত্রী শাবানা আক্তার জানান, আমার শাশুড়ি শুক্রবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। আমি ও আমার ছেলে অপর কক্ষে ঘুমিয়ে পড়ি। আমার শ্বশুর পাশের এলাকায় দাওয়াত খেয়ে রাত ১১টায় বাড়ি এসে শাশুড়ির কক্ষের দরজা খোলা পান। শাশুড়িকে না পেয়ে আমাকে ডেকে তোলেন। খোঁজাখুঁজি করে বাড়ির পূর্বপাশের নলকূপের কাছে তার স্যান্ডেল দেখতে পাই। এরই সূত্র ধরে পূর্ব দিকে গিয়ে ঘোনাই বিলের ধান খেতে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেই।

এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে একইভাবে আব্দুর রহমানের ভাতিজিকে এভাবেই হত্যা করা হয়েছে এবং নির্জন স্থানে লাশ পাওয়া গেছে। সিংগাইর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিহতের ভাশুর (স্বামীর বড়ো ভাই) হারুন অভিযোগ করেন, ‘দুই প্রতিবেশীর সঙ্গে আমার ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ঐ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।’

সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি কেমন রহস্যজনক। লাশ মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত না করে কোনো কিছুই এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না।