বিশ্বজুড়ে মাস ভিত্তিক অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। যেমন ‘নো শেভ নভেম্বর’। তেমনই এক চ্যালেঞ্জ ‘ইংকটোবার’। এটি একটি অনলাইন ড্রইং চ্যালেঞ্জ। কমিক বুক আর্টিস্ট জেক পার্কারের হাত ধরে এই চ্যালেঞ্জ শুরু হয়েছিল। ২০০৯ সালে জেক আঁকা-আঁকির দক্ষতা বাড়ানোর জন্য অক্টোবর মাসজুড়ে শুরু করেন কালি আর তুলি দিয়ে টানা ৩১ দিনে ৩১টি ছবি আঁকার চ্যালেঞ্জ এবং অক্টোবর মাসের সঙ্গে মিলিয়ে এর নাম দেন ইংকটোবার।
ইংকটোবারের কিছু নিয়ম-নীতি আছে। প্রথমত, এর মূল বিষয়টি হলো তরুণ আঁকিয়েদের কাজে ব্যস্ত রাখা। অনেকেই আঁকি-আঁকি করে আঁকেন না। এদের জন্য প্রতিদিন একটা অন্তত ছবি আঁকা আসলেই একটি চ্যালেঞ্জ এবং এই মুভমেন্টের প্রতিষ্ঠাতার ধারণা, এ রকম চ্যালেঞ্জের মধ্যে থাকলে আঁকিয়েদের অঙ্কন ও দ্রুততার সঙ্গে উন্নতি হবে।
বর্তমানে পৃথিবীজুড়ে রীতিমতো উত্সব আকারে উদযাপিত হচ্ছে এই চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে বাংলাদেশের আঁকিয়েরাও পিছিয়ে নেই। চিত্রশিল্পী সোহেল আশরাফ খান এই চ্যালেঞ্জে অংশ নিয়ে এরইমধ্যে বেশ সাড়া জাগিয়েছেন। চিত্রশিল্পী সোহেল বলেন, ‘ছবির মাধ্যমে এসব বদল সম্পর্কে শিল্পীদের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। এক দেশের শিল্পীরা পরিচিত হয় অন্য দেশের শিল্পীদের সঙ্গে শিল্পের মাধ্যমে।’
প্রতিবছরের মতো এ বছরও অক্টোবরের ৩১ দিনে নির্দিষ্ট ৩১টি বিষয়ে আঁকা-আঁকি করছেন শিল্পীরা। এরমধ্য থেকে সোহেল আশরাফ খানের ৮টি আঁকা তুলে ধরা হলো এই আয়োজনে—
