সিলেটের ‘দুর্নাম’ ঘোচাতে চায় বাংলাদেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:৪০

বাংলাদেশ দলের অনুশীলনে আসতে বিলম্ব হচ্ছিল। সেই সময়টা যেন কাটছিল না স্থানীয় কয়েকজন কিশোরের। বাংলাদেশের অনুশীলনে নেটে বল করার জন্য এসেছিল এই কিশোররা। অপেক্ষার সময়টায় নিজেদের মধ্যে বল ছোড়াছুড়ি আর গল্প করছিল। হঠাত্ তাদেরই একজনের কণ্ঠ থেকে কানে এলো কথাটা, ‘এবার বাংলাদেশ সিলেটে জিতবেই। এখানেই সিরিজ জিতে দুর্নাম ঘোচাবে।’ হ্যাঁ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এই সংক্ষিপ্ত সময়ে একটা ‘দুর্নাম’ তৈরি হয়েছে। এখানে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও এখনও বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি। আজ সেই ধারাটা বদলে ফেলার পালা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করার অপেক্ষা বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে বাংলাদেশ। এই সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচ আজ সিলেটে। এই ম্যাচে জিতে দুই দলই চায় সেই সিরিজটা নিজেদের করে নিতে। সিরিজ নিষ্পত্তির এই ম্যাচটা আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ১২টা থেকে শুরু হবে। আজকের ম্যাচটা এ বছর বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচ। বছরটা ওয়ানডে ক্রিকেটে দারুণ কাটিয়েছে বাংলাদেশ। চলতি বছরে বাংলাদেশ দল ১৯টি ম্যাচ খেলেছে; যার ১২টিতেই এসেছে জয়। গতকাল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তো গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এত সুন্দর একটা বছর জয় দিয়ে শেষ করাটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে আজকের ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছেন না তারা।

অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা বিরল একটা সুযোগ। এক সময়ের এই প্রবল পরাক্রমশালী দলটা সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে ২০১৪ সালে; বাংলাদেশের বিপক্ষেই। তারপর থেকে ৫ বছর কেটে গেলেও কোনো সিরিজ জিততে পারেনি দলটি। এবার তাদের সামনে এসেছে একটা সিরিজ জয়ের সুযোগ। দলটির অধিনায়ক রভম্যান পাওয়েল বললেন, তারা এই সুযোগ লুফে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চান।

সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে পারে কিছু সূত্র থেকে জানা গেল। গত দুই ম্যাচে তিন নম্বরে ব্যাট করা ইমরুল কায়েসের এই ম্যাচে একাদশে জায়গা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই তিন নম্বরে এই ম্যাচে খেলতে পারেন সৌম্য সরকার। সে ক্ষেত্রে ৬ বা ৭ নম্বরে খেলা সৌম্যর জায়গায় ব্যাট করবেন একাদশে ঢুকে পড়া মোহাম্মদ মিঠুন। দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।