রামগড়ে বিদ্যুত্ বিভ্রাট চরমে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৯

খাগড়াছড়ির রামগড়ে সরবরাহ লাইনে ত্রুটির কারণে ভেঙে পড়েছে বিদ্যুত্ব্যবস্থা। দীর্ঘসময় ধরে বিদ্যুত্ না থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে, বিক্ষুব্ধ মানুষ রবিবার পৌর শহরে মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন করেছে। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পিডিবির রামগড় আবাসিক প্রকৌশলীর কার্যালয় ও সাবস্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত চার দিনে ৬৬ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ ছিল না বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রবিবার বেলা সাড়ে ৪টা) ৪-৫ মিনিট পর পর বিদ্যুত্ আসা-যাওয়ার মধ্যে ছিল।

রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নান বলেন, মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সে কারণে বিদ্যুত্ অফিস ও সাবস্টেশনে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

পিডিবির খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামের হাটহাজারি ও নাজিরহাট সাবস্টেশনের ব্রেকার খারাপ হওয়ায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে ত্রুটি সারানোর কাজ চলছে।