স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবার অনেক অর্জন আছে। আর যতটুকু ঘাটতি রয়েছে তা আস্তে আস্তে পূরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ১০ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে। এ বছর চার হাজার ৫০০ জন ডাক্তার নিয়োগ দেয়া হবে। বাকি পাঁচ হাজার ৫০০ ডাক্তার নিয়োগ দেয়া হবে আগামী বছর। আশা করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা আর থাকবে না।
রবিবার টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্যক্রম তাড়াতাড়িই শুরু হবে। ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির ব্যবস্থা সময় মতোই করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু প্রমুখ।
