কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাজেরা আক্তারের অপারেশনজনিত মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে তার সহকর্মীরা। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত হাসপাতালের ভেতরে ও বাইরে তারা বিক্ষোভ করেন।
এ সময় বেশ কয়েকটি দাবি নিয়ে তারা ওটি কমপ্লেক্সে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু মো. জাকির উল ইসলামকে আধাঘন্টার মতো তালাবদ্ধ করে রাখেন।
হাসপাতালের লেবার ইনচার্জ নিলুফা ইয়াসমীন, ওটি ইনচার্জ জুলেখা ও নার্স তিন্নি জানান, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় জেনারেল হাসপাতালে লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাজেরা আক্তারের সিজার করেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ অমিত কুমার বসু। তার পুত্র সন্তানের জন্ম হয়। ব্লিডিং বন্ধ না হওয়ায় এবং ইউরিন পাস না হওয়ায় ঐদিন বিকাল সাড়ে ৪টার দিকে চিকিত্সক অমিত কুমার বসু হাজেরার দ্বিতীয়বার অপারেশন করেন। এরপরও ব্লিডিং বন্ধ না হওয়ায় রাত দেড়টায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রবিবার সকাল সাড়ে ৭টায় রংপুরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু মো. জাকির উল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে রংপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ ডাক্তারদের অপারেশনে কোনো ত্রুটি ছিল না।
