বিখ্যাত রকস্টার কার্ট কোবাইন। ক্যারিয়ারের খুব অল্প সময়ে বিশ্ব সংগীতপ্রেমীদের মাঝে তিনি যে উন্মাদনা তৈরি করেছেন তা এখন পর্যন্ত রয়েছে পুরোবিশ্বের কার্ট কোবাইন ভক্তদের মাঝে। মাত্র ২৭ বছর বয়সে আত্মহত্যার মাধ্যমে জীবনের ইতি টানেন ‘নির্ভানা’ ব্যান্ডের এই ভোকালিস্ট।
এমটিভি’র ‘আনপ্লাগড’ সিরিজে গানের পর তার জনপ্রিয়তা বেড়ে যায় কয়েকগুণ। এই সিরিজে ‘দ্য মেন হু সোল্ড দ্য ওয়ার্ল্ড’, ‘হোয়ার ডিড ইউ স্লিপ লাস্ট নাইট’, ‘লেক অব ফায়ার’সহ অনেক বিখ্যাত গান করেন কোবাইন। কোবাইন মারা যাওয়ার অনেক পরে বিভিন্ন সময় আলোচনায় আসেন। সম্প্রতি আবারো নতুন খবরে এলেন প্রয়াত এই রকস্টার। ‘এমটিভি আনপ্লাগড’ শোতে কোবাইন যে পোশাক পরেছিলেন সেগুলো সম্প্রতি নিলামে বিক্রি হয় প্রায় ৩ লাখ ৩৪ হাজার মার্কিন ডলারে। তার জামাগুলোর মধ্যে ছিল সিগারেট ঝলসানো একটি সুয়েটার ও একটি কোর্ট। তবে মৃত্যুর পর থেকে তার ব্যবহূত এই জিনিসগুলো এখন পর্যন্ত ধোয়া হয়নি। নিলাম করা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড্যারেন জুলিয়েন বলেন, ‘এই পোশাক কোবাইন পরিধান করেছেন। তাই এটি তখন থেকেই পবিত্র।’
উল্লেখ্য, ৪ বছর আগে কোবাইনের ব্যবহূত এই পোশাক একবার কেনেন গ্যারেট ক্লেজিয়ান নামের এক ব্যবসায়ী। তখন এর মূল্য তিনি দিয়েছিলেন ১ লাখ ৩৭ হাজার ৫০০ ডলার।
