‘ভাওয়াইয়া গানের চর্চা ও প্রসারে কমপ্লেক্স নির্মাণের দাবি’

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:০৪

 ‘ভাওয়াইয়া গানের চর্চা ও গবেষণাকে ছড়িয়ে দিতে রংপুরে ভাওয়াইয়া গানের চর্চার জন্য একটি কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন ভাওয়াইয়া গানের শিল্পীরা। গতকাল রবিবার ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহ্মদের ১১৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তারা। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় দশম ভাওয়াইয়া উত্সব।

উত্সবে শিল্পীদের ভাওয়াইয়া গানে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি। শিল্পীরা গেয়ে শোনান ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে’, ‘ওকি একবার আসিয়া’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ‘বাওকুমটা বাতাস য্যামন’, ‘আজি নদী না যাইও’, ‘নাইওর ছাড়িয়া দাও মোর বন্ধু’ গানগুলো। ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, শরীয়তপুর, কুমিল্লা, গাজীপুর অঞ্চলের ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শিল্পীরা হলেন—নাদিরা বেগম, পূর্ণ চন্দ্র রায়, সাজু আহমেদ, রহিমা খাতুন, এরফান হোসেন, সাহস মোস্তাফিজ, পলাশ আহমেদ চৌধুরী, সালমা মোস্তাফিজ, মনিফা মোস্তাফিজ মন, কাঁকন, মুক্তা, গীতা পালমা, ঝিমি প্রমুখ।

আলোচনায় অংশ নেন লোক গবেষক মুস্তাফা জামান আব্বাসী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল প্রমুখ। সভাপতিত্ব করেন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ। এর আগে বিকেলে তৃতীয় ভাওয়াইয়া বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন শিশু সংগঠক রফিকুল হক দাদু ভাই। কর্মশালা পরিচালনা করেন ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় আব্বাসউদ্দীন আহ্মদকে নিবেদিত ভাওয়াইয়া গান- ‘আব্বাসউদ্দীন তোমার তুলনা নাই, তোমার সুরে সুর মিলিয়া হামরা ভাওয়াইয়া গান গাই’, বঙ্গবন্ধুকে নিবেদিত ভাওয়াইয়া গান- ‘মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং বিখ্যাত ভাওয়াইয়া গান—‘ওকি গাড়িয়াল ভাই কতো রব আমি পন্থের দিকে চাইয়া রে’ শেখানো হয়।