বাংলাদেশি কর্মীরা স্বল্প খরচে সেশেলস যেতে পারবে —প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:০৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে কর্মী পাঠাতে সম্প্রতি দেশটির সঙ্গে শ্রম সহযোগিতা চুক্তি (এএলসি) সই হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা স্বল্প খরচে দেশটিতে যেতে পারবে। একই সঙ্গে সেশেলসে বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটিও উঠে গেছে। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে সেশেলস কর্মী পাঠাতে ৫-৬ লাখ টাকা লাগবে না। সরকারিভাবে কম খরচে কর্মীরা যেতে পারবে। তবে কী পরিমাণ শ্রমিক যাবে সেটা নির্ধারণ হবে দেশটির চাহিদার ওপর। সেশেলসে শুধু সরকারিভাবে কর্মী যেতে পারবে। বেসরকারি কোনো এজেন্ট সেশেলসে কর্মী পাঠাতে পারবে না। সে জন্যই যারা ঐ দেশে যেতে ইচ্ছুকদের কোনো এজেন্টকে টাকা না দেওয়ার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, সেশেলসে বর্তমানে প্রায় আড়াই হাজার বাংলাদেশি কর্মী কর্মরত। দেশটির নির্মাণশিল্পে অধিকাংশ কর্মী কাজ করেন। এছাড়া হোটেল, ট্যুরিজম, স্বাস্থ্যসেবা, হাউজ কিপিং, কুক, ভিলা অ্যাটেনডেন্ট, কৃষি ও পোলটি খামার ছাড়াও বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী রয়েছে। সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।