ভারতের আধার প্রকল্পে যুক্ত হলো টাইগার আইটি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:০৫

নির্বাচন কমিশনের (ইসি) সফটওয়্যার সরবরাহকারী টাইগার আইটির বায়োমেট্রিক সফটওয়্যার (এসডিকে) ব্যবহার করা হচ্ছে এবার ভারতের আধার প্রকল্পে। এই সফটওয়্যারটি ব্যক্তির তথ্যকে সর্বোচ্চ সুরক্ষা দিতে সক্ষম বলে ভারতের উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে। টাইগার আইটির এই সফটওয়্যার সম্পর্কিত হার্ডওয়্যারটি তৈরি করেছে রেনেসাঁস সেমিকন্ডাকটর। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ এইচ এম রাশেদ সরওয়ার এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছে, প্রযুক্তি একজন মানুষকে সুফল দেওয়ার পাশাপাশি সেই ব্যক্তির ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থায় ব্যক্তির তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ছে। তারা ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি করে শুধু সামাজিকভাবেই হেয় করছে না, একই সঙ্গে সেই ব্যক্তির ব্যাংক এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্যও চুরি করে নিচ্ছে।

টাইগার আইটির বিজ্ঞানী মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ডিভাইসটি এনআইএসটি সার্টিফিকেটপ্রাপ্ত বায়োমেট্রিক এসডিকে এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। এর নিরাপত্তা ভেদ করা হ্যাকারদের পক্ষে অসম্ভব। এটির ব্যবহারে অথেনটিকেশন প্রক্রিয়া চলাকালীন প্রতারকরা কোনো বায়োমেট্রিক ডাটা অ্যাক্সেস করতে পারবে না। বাংলাদেশের প্রতিষ্ঠান টাইগার আইটি ইতিপূর্বে বাংলাদেশের ভোটার তথ্য সংরক্ষণে ই-সেবা ও কারিগরি সহায়তা দিয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আনুমানিক ১ হাজার ৫০০ প্রকল্পে টাইগার আইটির সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।