বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের চাওয়া পাওয়ার ওপর সবকিছু নির্ভর করে। জনগণ চেয়েছিল জাতির পিতার হত্যাকারীদের বিচার। দেরিতে হলেও হয়েছে। জনগণ চেয়েছিল ইয়াসমিন হত্যার বিচার, সেটিও হয়েছে। আবার নুসরাত হত্যা মামলার রায়ও আমরা দ্রুত পেলাম। কিন্তু সামাজিক ন্যায় বিচার অন্যদের কেন আমরা দিতে পারছি না। যাদের বিচার আমরা পেয়েছি তাদের জন্য মানুষের সমষ্টিগত চিত্কার ছিল। ছিল ন্যায় বিচারের আন্দোলন। ফলে সরকারের সার্বিক সহযোগিতায় বিচার কার্য দ্রুত করা সম্ভব হয়েছে।
তিনি শনিবার রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রালের ১৯তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বিচারপতি আরো বলেন, পত্রপত্রিকায়, টিভি চ্যানেলে দেখলাম বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে, তারা একই প্রতিষ্ঠানের অপর মেধাবী। তিনি বলেন, মানবিক মূল্যবোধের অভাব ছিল তাদের মধ্যে। এখন আর আগের মতো স্কুলগুলোতে মানবিক মূল্যবোধ শেখানো হয় না।
মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রোটারিয়ান রুবায়েত হোসেন, ব্যারিস্টার মোন্তাসিম বিল্লাহ ফারুকী, বিদায়ি প্রেসিডেন্ট আতোয়ার রহমান সরকার প্রমুখ।
