তেল ছড়িয়ে কর্ণফুলী নদী দূষণের দায়ে তেলবাহী ট্যাংকার ‘এমটি দেশ-১’ কর্তৃপক্ষকে ৩ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে ট্যাংকারের মালিককে এই জরিমানা করা হয়। শুনানির সময় অভিযুক্ত জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক ইত্তেফাককে বলেন, শুক্রবার ভোরে ভারী জ্বালানিবাহী লাইটার জাহাজ ‘এমটি দেশ-১’ এবং ভোজ্যতেলবাহী অপর জাহাজ ‘সিটি-৩৮’-এর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ‘এমটি দেশ-১’-এর ১০ টনের মতো জ্বালানি তেল (ডিজেল) কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রমাণ মিলেছে। এ অপরাধে শুনানি শেষে ‘এমটি দেশ-১’ কর্তৃপক্ষকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। তিনি আরো বলেন, আইন অনুসারে ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। আবার এই সময়ের মধ্যে জাহাজ কর্তৃপক্ষ আপিলও করতে পারবে।
জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক ইত্তেফাককে বলেন, ‘নদীর পানিতে ভাসমান কোনো তেল নেই। আমরা তেল উদ্ধার কার্যক্রম শেষ করেছি। আশপাশের ময়লা-আবর্জনার সঙ্গে কিছু লেগে থাকতে পারে। কোস্ট গার্ডের কাছে জাহাজ দুটি আটক রয়েছে। মামলা করবে পরিবেশ অধিদপ্তর।’
উল্লেখ্য, ‘এমটি দেশ-১’ নারায়ণগঞ্জের মেসার্স অগ্রগামী শিপিং লাইনসের অধীন এবং প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন।
