রাজধানীতে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক তরুণী। ঐ তরুণী অভিযোগ করেন বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাকে দেড় মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। রাজধানীর পল্লবী এলাকার বাসিন্দা ঐ তরুণী একটি বিউটি পার্লারে কাজ করেন। তার গ্রামের বাড়ি বরিশাল। দুই মাস আগে তরুণীর মোবাইল ফোনে একটি কল আসলে প্রথমে তরুণী কল কেটে দেন। পরে একই নম্বর থেকে বারবার কল করা হতো তাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাটে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করতেন গোলাম ফারুক।
