জাতীয়তাবাদি যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতা-কর্মীরা গতকাল রবিবার শোভাযাত্রা বের করলে পুলিশের বাধায় তা আর এগুতে পারেনি। নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল সকাল দশটার দিকে নগরীর মন্ডলপাড়া ও চাষাঢ়া এলাকায় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত্ হোসেন খানের নেতৃত্বে জেলা ও মহানগর যুবদলের একাংশের নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শোভাযাত্রাটি চাষাঢ়ার দিকে এগুতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর যুবদল আরেকটি শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয় এবং তাদের ব্যানার ছিনিয়ে নেয়।
