গাজীপুরের শ্রীপুরে ১৮ দিনের শিশু ছেলে আব্দুল্লাহ আল মাহাদিকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছে বাবা। ২৭ অক্টোবর রবিবার ভোরে পৌর এলাকার ভাংনাহাটি সিআরসি কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাদি উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগর হাওলা গ্রামের বিজয় হাসানের ছেলে। এ ঘটনায় পাষন্ড পিতা বিজয় হাসানকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে ভাংনাহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মুন্নির সাথে গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের শামসুল হকের মাদকাসক্ত পুত্র বিজয় হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। মুন্নি গর্ভবতী হওয়ার পর থেকেই বিজয় তার বাচ্চার দরকার নেই বলে প্রায় সময় হুমকি দিত। যার দরুন মুন্নি তার পিত্রালয়ে চলে আসে। গত ৯ অক্টোবর মুন্নি একটি প্রাইভেট ক্লিনিকে শিশুপুত্র আব্দুল্লাহর জন্ম দেয়। গত রাতে নানী ও তার মায়ের সাথে ঘুমন্ত আব্দুল্লাহকে বাবা বিজয় ঘর থেকে নিয়ে বালতিতে চুবিয়ে হত্যা করে। পরে মুন্নি তার শিশু সন্তানকে ঘরে না পেয়ে বারান্দার বালতির পানিতে পড়ে থাকতে দেখে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সাকিব জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় শিশুটির পিতা বিজয় হাসানকে আটক করা হয়েছে।
