ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশের বিরুদ্ধে নানা অপকর্ম নিয়ে গত শনিবার ৭১ টেলিভিশনে যে সংবাদ পরিবেশন করা হয়, তার প্রতিবাদে দলীয় নেতাকর্মী ও বক্সনগর ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. পলাশ। গতকাল রবিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় পলাশ তার লিখিত বক্তব্যে বলেন, ‘গত শনিবার বেসরকারি টেলিভিশন ৭১ টিভিতে আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করা হয়েছে। এতে করে আমার রাজনৈতিক ও সামাজিক মানমর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’
পলাশ আরো বলেন, ‘সংবাদে প্রধান অভিযোগকারী রতন এলাকায় কানা রতন, হায়েনা রতন নামে পরিচিত। সে চারটি হত্যা মামলা ছাড়াও ধর্ষণ, অপহরণসহ ১০-১২টি মামলার আসামি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। অতিষ্ঠ জনতার গণধোলাইয়ে চোখ হারায় রতন। এ বিষয়ে থানায় আমার বিরুদ্ধে মামলা করে সংবাদমাধ্যমে অভিযোগ করেছে যে পুলিশ সেই মামলা নেয়নি।’
পলাশ তার বক্তব্যে বলেন, ‘ঐ মামলায় আমার বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করেছে এবং তাদের প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত আমাকে মামলা থেকে অব্যাহতি দেয়।’
পলাশ বলেন, ‘আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নিজেকে একজন প্রার্থী ঘোষণা করায় বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া আমার বিরুদ্ধে কুত্সা রটাতে তত্পর হয়ে উঠেছেন এবং সংবাদমাধ্যমে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে আমাকে হেয় করেছেন।’
পলাশ আরো বলেন, ‘সংবাদে অভিযোগকারী মৌসুমী আক্তার লিজার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সে আমার বিরুদ্ধে মামলা করে। তাছাড়া আমার কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করেই চলেছে।’
পলাশ বলেন, ‘প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনিত নানা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি, যা আপনাদের সংবাদমাধ্যমে প্রকাশ করে আমাকে অপবাদ থেকে মুক্ত করবেন।’
