রাজশাহীর বাঘায় খাল থেকে আগুনে দগ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য ওই যুবকের নাম আরিফ হোসেন (১৯)। তার পিতার নাম মহির উদ্দীন। বৃহপতিবার সন্ধ্যায় নিজ গ্রাম উপজেলার পূর্ব ভারতিপাড়া থেকে এই লাশ লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হয় আরিফ। এরপর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন ধারণা করেছিল আরিফ তার কোন বন্ধু কিংবা মামার বাড়ি যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোন আত্মীয় বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে বাড়ির পাশের দুই আম বাগানের মাঝখানের একটি খালে দগ্ধ ও উলঙ্গ অবস্থায়।
ভারতীপাড়া গ্রামের রওশনারা বেগম জানান, 'বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠে ছাগল আনতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে আরিফের বাড়ি থেকে ৫-৭ শ গজ পশ্চিমে দুই আম বাগানের মাঝখানে একটি খালে লাশ দেখে চিৎকার দিয়ে উঠেন তিনি। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশি লোকজন ঘটনাস্থলে গিয়ে আরিফের লাশ শনাক্ত করে এবং থানা পুলিশকে খবর দেয়।'
আরিফের পিতা মহির উদ্দীন জানান, 'প্রতিবেশী জনৈক ব্যক্তির সঙ্গে জমিজমা নিয়ে আমার বিবাদ রয়েছে। এছাড়া ওই এলাকার আর কারো সঙ্গে তার কোন বিরোধ নেই। জানিনা কি অপরাধে কারা আমার ছেলেকে নির্মমভাবে খুন করলো। এ ঘটনার সঙ্গে যারাই সস্পৃক্ত থাকুক না কেন আমি তাদের ন্যায্য বিচার চাই।'
আরও পড়ুনঃ হাতিয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদের জানান, 'লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুঃস্কৃতিকারীরা আরিফের হাত মুখ বেঁধে তার শরীরে কেরোসিন অথবা পেট্রোল ঢেলে হত্যা করেছে।'
ইত্তেফাক/নূহু
