দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় প্রথম স্ত্রীকে পিটিয়ে জখম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:২৯

পাবনার চাটমোহরে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় প্রথম স্ত্রীকে নির্যাতন করে মাথা ফাটিয়ে দিয়েছেন স্বামী। রবিবার রাত ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাচশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত জহুরা খাতুনকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী সিদ্দিকুর রহমান (৫০) পলাতক রয়েছেন। এ ব্যাপারে জহুরা খাতুনের মেয়ে শিরিনা আকতার পিতার বিরুদ্ধে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, হরিপুর ইউনিয়নের পাচশোয়াইল গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রী জহুরা খাতুনের কাছে অনুমতি চান। কিন্তু তিনি অনুমতি না দেওয়ায় সিদ্দিকুর রহমান সম্প্রতি একই গ্রামের স্বামী পরিত্যক্তা রায়হানাকে বিয়ে করে ঘরে তোলেন। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাদ শুরু হয়।

আরো পড়ুন: ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

রবিবার রাত ৮টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিদ্দিকুর রহমান জহুরা খাতুনকে বেদম মারপিট শুরু করেন। টর্চলাইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। জহুরার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সিদ্দিক পালিয়ে যান।

চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত সিদ্দিক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। পারিবারিক ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মীমাংসার কথা বলেছেন।   

ইত্তেফাক/জেডএইচ