বদলে গেছে ঋতু। শরতের কাশফুল আর শিশিরভেজা দূর্বাঘাস মাড়িয়ে প্রকৃতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হেমন্ত। এ ঋতুর অনুপ্রেরণায় পোশাক থেকে সাজ সবক্ষেত্রেই নিয়ে আসা যায় স্টাইলিশ লুক। লিখেছেন মেরিনা আহমেদ
এই সময়ের ফ্যাশনের সঙ্গে গরম পোশাকের মেলবন্ধন করতে চাইলে কয়েকটি জিনিস আপনার আলমারিতে থাকতে হবে। যেমন :মোটা সুতি কাপড়ের পোশাক, জিন্সের বিভিন্ন ধরনের পোশাক, জিন্সের প্যান্ট, স্কার্ট, জ্যাকেট, বুটজুতা, টাইস ও স্কার্ফ। প্রয়োজন মিক্স অ্যান্ড ম্যাচিং।
পছন্দের শাড়ি পরবেন, সঙ্গে বেছে নিন ফুল হাতা বা কোয়ার্টার হাতা ব্লাউজ। অথবা ফ্যাশনেবল কোটি বা টপস বেছে নিতে পারেন শাড়ির সঙ্গে। লেয়ারিং ড্রেস পরার এটাই সময়। কামিজের সঙ্গে লং কোটি বা কয়েক লেয়ার দিয়ে তৈরি পোশাকগুলো রাখুন এ সময়ের ফ্যাশনে। সালোয়ার-কামিজের সঙ্গে নিতে পারেন মোটা কাপড়ের ওড়না অথবা পাতলা শাল।
মোটা সুতির জামা বা ফ্রকের সঙ্গে টাইস বা জিন্সের প্যান্ট বাছাই করুন। ফুল হাতা জামাগুলো এ সময়ে অনায়াসে পরা যায়। হাফ সু-স্টাইল স্যান্ডেল বেছে নিন ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে। মাঝারি বা হাইহিলের স্যান্ডেল বেছে নিন যেকোনো পার্টি ড্রেসের সঙ্গে। কালো বা ব্রাউন কালারের সু বা স্যান্ডেল বেছে নেওয়ার পাশাপাশি মাস্টার্ড বা বারগান্ডি কালারও বেছে নিতে পারেন। সেই সঙ্গে স্কিন মোজাও পরা যায় ঠাণ্ডা আবহাওয়ার কারণে।
টাইস ব্যবহার করলে জুতার রঙের সঙ্গে মিলিয়ে করুন অথবা কালো রং বেছে নিন। গ্রীষ্মের পছন্দের ড্রেসটির সঙ্গে পরতে পারেন সুতি কাপড়ের জ্যাকেট বা নিট কার্ডিগান টপস বা জ্যাকেট। এ ক্ষেত্রে লেন্থে কিছুটা বৈচিত্র্য রাখতে পারেন। যদি আপনার পোশাকটি শর্ট হয়, তাহলে ওপরের জ্যাকেটটি লং রাখুন। হাতার ক্ষেত্রে এ রকম একটি ছোট ও একটি বড় রাখুন। রাতে বাইরে বের হলে স্কার্ফ রাখতে পারেন। স্কার্ফ আপনাকে স্টাইলের সঙ্গে সঙ্গে হালকা শীত থেকেও রক্ষা করবে।
ফুলেল প্রিন্টের পোশাকের সঙ্গে বেছে নিতে পারেন ডেনিম জ্যাকেট। সুতির জ্যাকেটও পরা যায়। পায়ে রাখুন পেছনের দিকে খোলা লোফার বা স্নিকার। টি-শার্টের ওপর পরে নিতে পারেন ফুলহাতা শার্ট। এটিও আপনার এই সময়ের জন্য খুবই আরামদায়ক হবে। পাঞ্জাবির সঙ্গে বেছে নিতে পারেন হাতাকাটা কোটি।
হেমন্তের পোশাকে উজ্জ্বল রঙকে প্রাধান্য দিন। এবারের হেমন্তের রঙে লালের প্রাধান্য দেখা যাবে। লালের বিভিন্ন শেড বেছে নিতে পারেন হেমন্তের পোশাকের সম্ভার থেকে। এছাড়া রঙে রাখতে পারেন অলিভ, কমলা, বারগান্ডি। শীতের ফ্যাশনের জন্য যে ক্যাপগুলো তুলে রেখেছেন, সেখান থেকে পাতলা কাপড়ে তৈরি ক্যাপগুলো বের করে নিন। কামিজ, কুর্তি, ফতুয়া সবকিছুর সঙ্গেই অনায়াসে পরতে পারবেন। নিট প্যান্ট পরার এটাই সময়। যেকোনো ড্রেসের সঙ্গে বেছে নিতে পারেন নিট প্যান্ট। ফ্যাশনের সঙ্গে সঙ্গে যা আরামও দেবে।
মডেল নেহা ও শাকিল রাজা
মেকআপ স্টাইলি পার্লার
পোশাক এমব্রেলা
ছবি তন্ময় মির্জা
