উদ্বেগ-উৎকণ্ঠায় বোরহানউদ্দিনের সেই শুভর পরিবার

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:১২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কলেজ পড়ুয়া ছেলে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ। যার ফেসবুক আইডি হ্যাক করে একটি চক্র মেসেঞ্জারে ধর্ম অবমাননাকর বক্তব্য ছড়ায় বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে যা ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় মুসলিম তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশে পুলিশ জনতার সংঘর্ষে চারজন মারা যায়। সেই শুভর পরিবার পুলিশ প্রহরায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

ভয়ে আর আতঙ্কে রাতে ঘুমের মধ্যে জেগে উঠেন বাবা-মা। ছেলের অনুপস্থিতে মা-বাবা এখন শয্যাশায়ী। পরিবারের সদস্যরা বলছে শুভর আইডি যে হ্যাক হয়েছিল, সে কথা পুলিশও বলেছে। তা হলে আমাদের ছেলেকে কেন রিমান্ডে নেওয়া হলো।

সোমবার সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের শুভ বাড়িতে গিয়ে দেখা যায়, বৈদ্যবাড়ি নামক ওই বাড়িটি পুলিশ প্রহরায় রয়েছে। তারা জানান, ঘটনার পরের দিন থেকেই ওই বাড়িটির নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়।

শুভর চাচা অসীম কুমার বৈদ্য জানান, ১৮ অক্টোবর সকাল ১০টায় পর্যন্ত চাচা-ভাতিজা মিলে ফেসবুক চালাই। এরপর শুভ তার বাবা চন্দ্র মোহন বৈদ্যের সাথে ক্ষেতে কৃষি কাজ করতে যান। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বিকালে কাতার থেকে একজন প্রবাসী প্রথমে ফোনে বিষয়টি শুভকে অবহিত করেন। মহানবী (সা.) কে নিয়ে এ ধরনের কথা কেন ছড়াচ্ছেন তা জানতে চান। ১-নং ওয়ার্ডের মিজান এ ব্যাপারে শুভকে গালিগালাজ করেন। 

এ সময় শুভ জানান, আমার নেট বন্ধ। কী হচ্ছে আমি জানি না। সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় একই বিষয় অনেকে জিজ্ঞাসা করে এমন বক্তব্য তার চাচার। 


শুভর বাসায় পুলিশি প্রহরা। ছবি: ইত্তেফাক

শুভর চাচা জানান, চারদিক থেকে এ ঘটনার জন্য নানা কথা শুনে রাতে তারা বিষয়টি নিয়ে স্থানীয় থানায় জিডি করতে আসেন। কিছুক্ষণ পর জয়দেবপুর থানার ওসির পরিচয় দিয়ে শুভর কাছে একটি ফোন আসে। কল করা ওই ব্যক্তি বলেন, তোমার ফোন হ্যাকড হয়েছে। ২ হাজার টাকা দিলে উদ্ধার করে দিব। বিষয়টি তারা পুনরায় ওসিকে জানান। এ সময় শুভ ও অসীমকে পুলিশ আটক করে বলে অসীম বৈদ্য জানান। ১৯ অক্টোবর চাচা ছাড় পেলেও গ্রেফতার দেখানো হয় শুভকে।

তিনি বলেন, এই ওয়ার্ডে ৩৬শ’ ভোটার যার মধ্যে আমরা ২১টি পরিবার হিন্দু। যারা আতঙ্কিত আছি। পুলিশ থাকলে ইজি থাকি, চলে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যে কোন মুহূর্তে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

বোরহানউদ্দিন হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল কুমার দাস জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের  আওতায়  আনা ও নিরপরাধকে মুক্তির দাবি করছি। 

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মৃ এনামুল হক বলেন, শুভর পরিবারের নিরাপত্তায় পুলিশি পাহারা বসানো হয়েছে। যতদিন প্রয়োজন তাদের এ নিরাপত্তা দেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ