বিএনপির মিল্লাত ও লুনা নির্বাচনে অংশ নিতে পারছে না

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৮

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। দুটি পৃথক রিটের পরিপ্র্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদেশের ফলে ভোটে অংশ নিতে পারছেন না বিএনপি প্রার্থী জামালপুর-১ আসনের রশিদুজ্জামান মিল্লাত ও সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। মিল্লাত ফৌজদারি মামলায় দণ্ডিত এবং লুনা সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় এই স্থগিতাদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতাহার হোসেন সাজু।  রিটকারীরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইয়াহহিয়া চৌধুরী।

তমিজউদ্দিনের আবেদনের উপর আদেশ সোমবার: ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিনের নির্বাচনে অংশগ্রহণের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে তার করা আবেদনের ওপর সোমবার আদেশ দেবে আপিল বিভাগ। ওইদিন উপজেলা চেয়ারম্যান পদে থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইসির করা আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। গতকাল এসব আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য এদিন ধার্য করে দেন।