লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
পূর্ব শত্রুতার জের ধরে লোহাগড়ায় মোরাদ মোল্যা ওরফে কালাচান (৩৬) নামে এক যুবকের কবজি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার বিকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া দক্ষিণপাড়া খালচর গ্রামের সাত্তার মোল্যার ছেলে মোরাদ মোল্যা গতকাল বাড়ি থেকে লুটিয়া বাজারে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা কুমড়ি গ্রামের সাজ্জাদ কটাসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার শরীরের বাম হাতের কবজি কেটে যায়। তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লোহাগড়া হাসপাতালের ডাক্তার রিপন কুমার ঘোষ জানান, তার বাম হাতের কবজির হাড় সম্পূর্ণ কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকাররম হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইজা কটাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
