‘পরকীয়ার জেরেই যুবককে ১২ খণ্ড করে হত্যা করা হয়’

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২২:২৭

খুলনায় ১২ খণ্ড করে হাবিবুর রহমান সবুজ নামের এক যুবক হত্যা মামলায় পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শেখ আবু বকর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন। পরকীয়া প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে পাঁচ জন সরাসরি নৃশংস এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানিয়েছে পিবিআই।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—সরদার আসাদুজ্জামান ওরফে আরিফ, অনুপম মহলদার, খলিলুর রহমান, গাজী আব্দুল হালিম ও এ কে এম মোস্তফা চৌধুরী মামুন। মামলার মূল আসামি মোস্তফা চৌধুরী মামুন পলাতক। অন্যরা কারাগারে রয়েছেন। মামলার চার্জশিটে ৪৬ জনকে সাক্ষী করা হয়েছে। হাবিবুর রহমান সাতক্ষীরা সদরের উমরা এলাকার আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি সাতক্ষীরার একটি ইট ভাটায় শ্রমিক সরবরাহ করতেন। পিবিআই সূত্র জানায়, গত ৭ মার্চ সকালে নগরীর শের-এ বাংলা রোডসহ বিভিন্ন স্থান থেকে পলিথিনে মোড়ানো হাবিবুর রহমানের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি গোলাম মোস্তফা বাদী হয়ে গত ৯ মার্চ খুলনা সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।