তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। তারা আসলে খালেদা জিয়াকে তাদের রাজনৈতিক ইস্যু করতে চায়। তার মুক্তি চায় না। গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গঠিত মিডিয়া প্রচার ও ডুকুমেন্টেশন উপকমিটি এবং চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা পুরোনো। এই অসুস্থতা নিয়েই তিনি রাজনীতি করেছেন। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপি নেতারা দেশের জনগণকে নিয়ে ভাবেন না। তারা শুধু বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পুরো বছর জুড়ে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে।
