প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সদ্য সমাপ্ত আজারবাইজান সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করেন।

প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন। আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে এক সাধারণ আলোচনায় বক্তৃতা করেন। ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহ্ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকীসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাক্ষাত্ করেন। তার সফরকালে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে।