ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে ৭টি শহর, ঘর ছাড়ছেন তারকারা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৬:০১

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল অবস্থার অবনতি হয়েছে। সোমবার থেকে বাতাসের গতি বেড়ে যাওয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে। এখনও আগুনে পুড়ছে রাজ্যের ৭টি শহর। ঝুঁকি এড়াতে নতুন করে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ। এতে অন্তত ১৫ লাখ মানুষ বিদ্যুৎ সুবিধা বঞ্চিত হতে যাচ্ছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, প্যাসিফিক গ্যাস এন্ড ইলেক্ট্রনিক বিভাগ ইতোমধ্যে ৯ লাখ ৭০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বাতাসের গতি বেড়ে যাওয়ায় মঙ্গলবার নাগাদ আরও সাড়ে ৬ লাখ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে।

আরও পড়ুন: যুবলীগের বহিষ্কৃত নেতা আনিস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

এদিকে লস অ্যাঞ্জেলসের অভিজাত এলাকা ব্রেন্টউডে দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে বসবাসরত তারকারা এলাকা ছাড়তে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ আরনোল্ড শোয়ার্জনেগার ও বাস্কেটবল তারকা লেব্রন জেমস।

এদিকে সোনোমা কাউন্টিতে আগুনের ব্যাপকতায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  উদ্ভূত পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

ইত্তেফাক/এসইউ