শুভর বিস্ময়কর বন্ধু ‘রবিন’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৭

নাম রবিন। আসলে এটা কোনো মানুষের নাম নয়। এটা একটা অত্যাধুনিক রোবট। যে কিনা বাংলা ও ইংরেজি দু ভাষাতেই কথা বলতে পারে।  শুধু তাই নয়, রবিন বলতে পারে তাকে সৃষ্টি করা ক্ষুদে বিজ্ঞানীর নামও। তাছাড়া সে তার দেশের নাম,  প্রধানমন্ত্রীর নাম, রাষ্ট্রপতির নামসহ আয়ত্ত করে নিয়েছে আরো অনেক কিছু। এমনকি, তার আশপাশে আগুন লাগলে সে খবর দিতে পারবে ফায়ার সার্ভিসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তার অবস্থান দেখতে পাবে গুগল ম্যাপে।

আর এই অত্যাধুনিক রোবটটির আবিষ্কারক হলেন বরশালের আগৈলঝড়া উপজেলার গৈলা গ্রামের ছেলে শুভ কর্মকার। বাবা সন্তোষ কর্মকার ব্যবসায়ী এবং মা দীপ্তি কর্মকার গৃহিণী। মা-বাবার দুই সন্তানের মধ্যে শুভ বড়। পড়ালেখা করেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে।

ছোট বেলা থেকেই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতেন বিজ্ঞান বিষয়ক আগ্রহ থেকেই। শুধু অংশই নিতেন তা নয়, সেসব প্রতিযোগিতায় পুরস্কারও জিতে নিতেন অনেক সময়। আর এসব কাজে থাকতে থাকতে একসময় তার মনে হলো অন্য অনেকের মতো তিনিও একটা রোবট বানাতে পারেন। তবে তার রোবট হবে গতানুগতিক রোবট থেকে একটু আলাদা। আর সে লক্ষ্য নিয়েই ২০১৮ সালের মে মাসে কাজ শুরু করেন। যা প্রাথমিকভাবে শেষ করেন ২০১৯-এর জানুয়ারিতে। রোবটের নাম রাখা হয় রবিন। আমেরিকার একটা কার্টুন শোর সুপার হিরোর নামানুসারে এই নাম দেওয়া হয় রোবটটির। এরপর থেকেই রবিনের পরিচিতি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশজুড়ে। কথা হয় এই ক্ষুদে বিজ্ঞানী শুভ কর্মকারের সঙ্গে। তিনি বলেন, ‘ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিয়ে এবং ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখেই রোবট রবিনকে এভাবে তৈরি করতে পেরেছি। আগামীতে আমি একে আরো উন্নত করতে কাজ করছি। বর্তমানে তার দৃষ্টিশক্তি নেই, আগামীতে সে সকলকে দেখতে পারবে। সেই সঙ্গে কারো সঙ্গে একবার পরিচয় হলে তাকে পরবর্তীতে দেখলে চিনতে পারবে এবং বিভিন্ন সমস্যা নিজে দেখে সমাধান করতে পারবে। সবচেয়ে বড় বিষয় হলো,  আমার এই রোবট অনেক কিছু নিজে নিজেই শিখতে পারে। এর জন্য কোনো কোডিংয়ের প্রয়োজন হয় না অর্থাত্ কিছুটা সেল্ফ লার্নিং আয়ত্ত করে নিয়েছে।’

শুভ কর্মকার অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সম্মাননা জিতেছেন।