ইসরাইলি ও ফিলিস্তিনির গোলাগুলিতে নিহত ৫

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪০

অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে বৃহস্পতিবার দুই ইসরাইলি নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত এক সশস্ত্র পথচারী ওই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করেছেন। এর আগে বুধবার রাতে ইসরাইলি কমান্ডো অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদেরকে হামাস নিজেদের সদস্য বলে দাবি করেছে। এদিকে পশ্চিম তীরে বুধবার রাতে এক ঝটিকা অভিযানে অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেত্জ এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম তীরের ইহুদি বসতি ওফরাতে বৃহস্পতিবার ওই ফিলিস্তিনি বন্দুকধারী গোলাগুলির ঘটনা ঘটান। এতে দুই ইসরাইলি নিহত এবং আরও দুই ব্যক্তি আহত হন। ঘটনার পর ইসরাইলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছিল, গুলিবিদ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরে জরুরি সেবার কর্মকর্তার জানান, আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারেত্জ জানায়, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি করে পালিয়ে গেছে। আহতদের জেরুজালেমের শারে জেদেক মেডিক্যাল সেন্টারে চিকিত্সা দেওয়া হচ্ছে।

এর আগে বুধবার রাতে পশ্চিম তীরে ইসরাইলি কমান্ডো অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হন। এই দুইজনকে নিজেদের সদস্য বলে দাবি করেছে ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এদের বিরুদ্ধে দুই ইসরাইলিকে হত্যার অভিযোগ করেছে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে একজনকে গত রবিবার ওফরায় গাড়ি চালিয়ে গুলি ছুড়ে এক ইসরাইলিকে হত্যার অভিযোগে খোঁজা হচ্ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। অপরজনের বিরুদ্ধে চলতি বছরের অক্টোবরের ৭ তারিখে শিল্পাঞ্চল বসতিতে দুই ইসরাইলিকে হত্যার অভিযোগ ছিল।

এদিকে পশ্চিম তীরে বুধবার রাতে এক ঝটিকা অভিযানে অন্তত ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনি এক এনজিওকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানায়, কুবার ও সিলওয়াদ শহর থেকে ১০ জন আটক করা হয়েছে। এছাড়া নাবুলাস, তুবাস, তুলকার্ম ও হেবরন থেকে আরও ১১ জনকে আটক করা হয়। এছাড়া পূর্ব জেরুজালেমসহ বেশকিছু শহর থেকে আটক করা হয় ১৯ জনকে। অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরাইলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

ইত্তেফাক/নূহু