পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আবুল কালামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেওয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর আবুল কালাম স্ত্রী জেসমিন বেগমকে যৌতুকের দাবিতে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিত্সকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে ১৪ সেপ্টেম্বর জেসমিন বেগমের মৃত্যু হয়। পরদিন ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই সাইফুল হক মঠবাড়িয়া থানায় কালামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
