হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১১

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ১০ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাতে বাগিবতণ্ডা হয়। এরই জেরে সোমবার রাতেও দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।

এ ব্যাপারে হাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক জানান, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ভবতোষ চন্দ্র রায়কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।