লাকসামে মঙ্গলবার বালুবাহী ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম রনি (১৩)। সে পার্শ্ববর্তী লালমাই উপজেলার সমেশপুর গ্রামের মনু মিয়ার ছেলে ও হরিশ্চর স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রনি দাওয়াত খেয়ে সাইকেলযোগে খুন্তা গ্রামের খালার বাড়ি থেকে ফিরছিল। পথে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
