বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। সেইসঙ্গে পরিবর্তিত হয়েছে খাদ্যাভাস। শুধু পরিবর্তন আসেনি খাবার অপচয় করার অভ্যাসে। আমাদের দেশে সকল ধরনের রেস্টুরেন্ট ও পাঁচতারকা হোটেলগুলোতে যে পরিমাণ খাবার অপচয় হয়, তা দিয়ে বছরে ৬০ হাজার লোককে খাওয়ানো যেত প্রতিদিন একবেলা করে। এইসব হোটেল বা রোস্তোরাঁর প্রায় ১০-১২ শতাংশ খাদ্য অপচয় হয়। খাবার অপচয় করা বা প্লেটে রেখে দেওয়া একটি বাজে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। খাবার প্লেটে রেখে দেওয়ার চিত্র খুব দেখা যায় জেলা, উপজেলা বা ছোট্টশহরের রেস্টুরেন্টগুলোতেও। আমরা হয়তো একদণ্ড ভাবিও না যে আমার অপচয় করা খাবারটুকু একজন মানুষের একবেলার খাবার হতে পারে। আসুন আমরা মানবিক হই। যতটুকু দরকার ততটুকু খাবার নিই। খাবারের অপচয় বন্ধ করি।
মো. বিল্লাল হোসেন
শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
