এই সময়ের ছড়া

তাদের প্রতি ঘৃণা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:৩২

মুখেই যারা তুফান তোলো

কার ক্ষতি, কে রুষ্ট হলো

ধার ধারো না যারা—

তাদের প্রতি ঘৃণা।

 

চলনবলন মুখোশ পরে

কাজের বেলায় থাকছ সরে

এমন যারা এই সমাজে—

তাদের প্রতি ঘৃণা।

 

ভাব ধরো বেশ চেহারাতে

থাকো না হে পাঁচে-সাতে

ভেক ধরা এই ‘মহান’ যারা—

তাদের প্রতি ঘৃণা।

 

ডুবে ডুবে জল খাওয়ারা

অনিয়মেই দাও পাহারা

যারা এতে হও জড়িত—

তাদের প্রতি ঘৃণা।

 

ভাবেসাবে সন্তু-সাধু

ভেলকি দেখাও, দেখাও জাদু

যারা এমন তলে তলে—

তাদের প্রতি ঘৃণা।