ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলনে আহ্ছানউল্লার শিক্ষার্থীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:০২

উপাচার্যের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার থেকে তেজগাঁও ক্যাম্পাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। গতকাল মঙ্গলবারও প্রশাসনিক ভবন ও রিডিং রুমসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, কাজী শরিফুল আলম উপাচার্য হওয়ার পর শিক্ষার্থীদের নানা অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অকারণে সেমিস্টার ফি বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে ভিসি তা অনুমোদন দেন না। এই ভিসির জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তার ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়া হয়। এসবের প্রতিবাদে তারা ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ৯ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সকল বিভাগের শিক্ষার্থী এ আন্দোলনে যোগ দিয়েছেন। তারা সকাল ১১টা থেকে একাধারে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।