পুঁজিবাজারে শুদ্ধি অভিযান চান বিনিয়োগকারীরা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:০৩

পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাম্প্রতিককালে শুরু হওয়া ক্যাসিনোর মতো শুদ্ধি অভিযান চায় বিনিয়োগকারীরা। বাজার অস্থিতিশীলতার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশকিছু দাবি তুলে ধরেছেন তারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে সম্প্রতি পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব পর্যালোচনার লক্ষ্যে কমিটি গঠনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তারা।

সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ বলেন, গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কাছে বাজারের সার্বিক প্রেক্ষাপট নিয়ে একটি স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি। কিন্তু পুঁজিবাজারে স্থায়ী স্থিতিশীলতা আজও ফিরে আসেনি।

এ সময় বলা হয়, পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্টদের প্রশ্নবিদ্ধ ভূমিকা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও আইসিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কয়েকজন কর্মকর্তার সীমাহীন দুর্নীতি ও লুটপাট পুঁজিবাজার ধসের মূল কারণ। সেকেন্ডারি মার্কেটের আদলে বা সমান্তরালে অনৈতিক প্লেসমেন্ট বাণিজ্য ও দুর্বল কোম্পানিকে আইপিওতে তালিকাভুক্ত করে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের বাদ দিয়ে মেধাবী ও যোগ্যতাসম্পন্নদের নিয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।

এছাড়া বাইব্যাক আইন পাশ, ইস্যু মূল্যের নিচে অবস্থান করা শেয়ারগুলো স্ব স্ব কোম্পানিকে ইস্যু মূল্যে বাইব্যাক করা, আগামী ৩ বছর পর্যন্ত সব ধরনের আইপিও, রাইট শেয়ার ইস্যু বন্ধ রাখা, প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ করা, বুক বিল্ডিং পদ্ধতি, ডাইরেক্ট লিস্টিং পদ্ধতি বাতিল করা, সিসি আইনের বাস্তবায়ন করা, উদ্যোক্তা ও পরিচালকদের ব্যক্তিগতভাবে দুই শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গঠন করা ‘আইপিও রিভিউ টিমকে ধান্দার নতুন পথ হিসেবে মন্তব্য করেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এর মাধ্যমে ডিএসইর অসাধুরা ধান্দার নতুন ফাঁদ পাতবেন। এই টিম দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে না। আমাদের সন্দেহ এই টিম গঠন করে ডিএসইর পরিচালকদের একটি অংশ আইপিও বাণিজ্যে মেতে উঠবে। সেই সঙ্গে অবৈধ প্লেসমেন্ট সুবিধা নেবে। ডিএসইর টিমের ওপর আমাদের কোনো আস্থা নেই। তিনি বলেন, বিএসইসি ও ডিএসইর অসাধু কর্মকর্তারা যোগসাজশ করে বাজারে দুর্বল কোম্পানি আনছে। আজ বাজারের যে দুরবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী বিএসইসি। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।