দুর্নীতির মামলায় ঠিকাদার জি কে শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াকে আগামী রবিবার (৩ নভেম্বর) জিজ্ঞাসাবাদ শুরু করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য। গত ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
গত ১৮ সেপ্টেম্বর খালেদ ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেফতার করে র্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
