গণরুম সমস্যা সমাধান ও ১ম বর্ষ থেকে সিটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে আশ্রয় নেওয়ার জন্য কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কাঁথা, বালিশ, তোষক ও কম্বল নিয়ে যায়। গতকাল সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের বাধা দেন। বাধা পেয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা গণরুমের সমাধান চেয়ে নানা স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা, মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায়-ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালো মাছি’ ইত্যাদি লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।
এরআগে গণরুম সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নিতে গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ কার্যদিবস সময় বেঁধে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান। এ সময়ের মধ্যে সমস্যা সমাধানে ‘দৃশ্যমান পদক্ষেপ’ বা ‘সদিচ্ছার প্রতিফলন’ না দেখায় উপাচার্যের ‘ছায়াতলে আশ্রয়’ চেয়ে গণরুমের বাসিন্দাসহ ঢাবির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে তার (উপাচার্য) বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
