কোনো বিতর্কিত লোকের দলে ঠাঁই হবে না :কাদের

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:০৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কোনো বিতর্কিত লোককে দলে ঠাঁই দেওয়া যাবে না। এ ব্যাপারে দলের নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের আসন্ন সম্মেলন বিষয়ে বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে তাদের দিয়ে শ্রমিক লীগ গঠন করতে হবে। সুবিধাবাদী এবং অনুপ্রবেশকারীরা যাতে শ্রমিক লীগের কমিটিতে আসতে না পারে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।’ তিনি বলেন, নিজের পকেট ও দল ভারি করতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীকে দলে টানবেন না। বিতর্কিত লোক যাতে দলে ঠাঁই না পায়। নতুন-পুরাতনের সমম্বয়ে শ্রমিক লীগের কমিটি করা হবে। শ্রমিক লীগের কমিটি স্বচ্ছ ও সুশৃংখল হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশের বিতর্কিত, অনুপ্রবেশকারী এবং সাম্প্রদায়িক ব্যক্তিদের তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক রিপোর্ট রয়েছে, তারা যেন কাউন্সিলর হতে না পারে। তিনি বলেন, ‘শ্রমিক লীগে কোনো বিরোধ দেখতে চাই না। বিরোধ থাকলে সম্মেলনের আগে ঘরে বসে তা সমাধান করতে হবে। শ্রমিকলীগের কমিটিতে যদি একই পদে একের অধিক প্রার্থী থাকে তা সম্মেলনের আগে নিজেরা বসে সমাধান করবেন। পার্টি অফিসের সামনে এসে যেন কেউ মিছিল না করে।’ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।