নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:২০

হাইকোর্টে এসেছে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গতকাল ঐ নথি সুপ্রিম কোর্টে আসে। এরপরই মামলার নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ তথ্য ইত্তেফাককে নিশ্চিত করেছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান।  এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, ‘নিয়ম অনুসারে এখন ডেথ রেফারেন্স নথি আদালতের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা পর্যবেক্ষণ করবেন। এরপর পেপারবুক প্রস্তুতের জন্য তারা পদক্ষেপ নেবেন। এই মামলার পেপারবুক যাতে তাড়াতাড়ি প্রস্তুত হয়, সেটি দেখব।’ তিনি বলেন, ‘যেহেতু এ মামলায় দেশবাসীর আবেগ জড়িত এবং বিচার পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কাজেই তড়িত্ গতিতে শুনানির যত রকমের পদক্ষেপ নেওয়ার তা আমি নেব।’

গত ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়ে থাকে। ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।