সারাদেশ বিনোদন ডেস্ক
গোপালগঞ্জে নতুন প্রজম্মের মধ্যে মানবিক মূল্যবোধ বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
এ প্রজম্মের শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ, নারী-শিশু নির্যাতন, হত্যা, সন্ত্রাস বিরুদ্ধে উদ্বুদ্ধ করে ‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৯ অক্টোবর শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’—এই সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয়। এরপর মাদক, জঙ্গিবাদ, নারী-শিশু নির্যাতন, হত্যা ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের। পাশাপাশি সমাজে ভালো মানুষের অবশ্যকতাকেও বর্ণনা করা হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে। জেলা শিল্পকলা একাডেমি, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থা, সুর সন্ধান শিল্পীগোষ্ঠী’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলা-কুশলীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের কাছে প্রশংসিত হয়। শিল্পীদের চমত্কার পরিবেশনা সবাইকে মোহিত করে। গোপালগঞ্জ বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাইমা বিনতে মাহবুবের কথায়, ‘এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের খারাপ কাজ থেকে বিরত থাকতে দিক-নির্দেশনা দিয়েছে। আমরা কখনোই মাদক, জঙ্গিবাদ, নির্যাতন, হত্যা ও মানবতা বিরোধী কাজ করবো না। মানবিক মূল্যবোধ জাগ্রত করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে উত্সাহিত করেছে। এ জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।’ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘সংস্কৃতি চর্চা মানুষের মনের বিকাশ ও বিস্তৃতি ঘটায়। যারা সংস্কৃতি চর্চা করেন তারা কখনো মানবতা বিরোধী পথ বেছে নেয় না।’
