হোমনায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনায় মামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

হোমনায় আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, ঘাড়মোড়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান মোল্লাসহ ৩৮ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশারফ হোসেনের গণসংযোগকালে উপজেলার মণিপুর বাজারে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় বিএনপি কর্মী-সমর্থকরা অফিসে ঢুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর করে।

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

এদিকে উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সৈয়দ ফজলে রাব্বি বলেন, আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/বিএএফ