ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে সমন্বিত উদ্যোগ জরুরি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৩৫

 ইত্তেফাক রিপোর্ট

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে সমন্বিত উদ্যোগ জরুরি। বাংলাদেশ ব্যাংক, সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য একটি ফান্ড গঠন করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অর্থায়ন করা যেতে পারে। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ম্যানেজারিয়াল ক্যাপাসিটি অব উইমেন এন্ট্রাপ্রেনিওর ইন স্মল ফার্মস অ্যান্ড একসেস টু ফরমাল সোর্সেস অব ফাইন্যান্স’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহকারী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুজ্জামান বলেন, দারিদ্র্য বিমোচন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব দিক বিবেচনায় এসএমই খাতে নারী উদ্যাক্তাদের সম্ভাবনা অনেক বেশি। এরপরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিভিন্ন বাধার কারণে নারী উদ্যাক্তার সংখ্যা তুলনামূলক কম। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী নারী উদ্যোক্তাদের জন্য বিমা সুবিধা চালুর ওপর গুরুত্বারোপ করেন। বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, নারী উদ্যোক্তাদের আর্থিক শিক্ষা, দক্ষতা এবং ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। এ দক্ষতা অর্জন করতে পারলে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হবে। বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক মো. ইয়াছিন আলি বলেন, নারীদের আরো বেশি অর্থনৈতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ বলেন, নারী উদ্যোক্তাদের জন্য জামানত ও গ্যারান্টার বড়ো সমস্যা। এসমস্যা দূর  করতে সমন্বিত উদ্যোগ জরুরি।